দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করায় রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। কমেছে ধুন্দল, ঝিঙা, শিম, ফুলকপি ও বাঁধাকপিসহ বেশ কিছু সবজির দাম। তবে টমেটো, কাঁচামরিচ ও গাজরের দাম এখনো চড়া। অন্যদিকে মাছ-মাংসের বাজারে দামের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। কিছুটা কমেছে ডিমের দাম।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর রামপুরা, মালিবাগ ও আশপাশের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্রতি কেজি ধুন্দল, ঝিঙা ও মেটে আলু ৬০ টাকা, শিম ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৪০ থেকে ৬০ টাকা এবং আকারভেদে ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ৪০ থেকে ৭০ টাকা, টমেটো ও কাঁচামরিচ ১২০ টাকা এবং গাজর ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া আলু ২৫ থেকে ৩০ টাকা এবং পেঁপে ৩০ টাকা কেজি।
মালিবাগ বাজারের সবজি বিক্রেতা রহমান বলেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। আগামী দিনে সরবরাহ আরও বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে।
তবে মাছের বাজারে স্বস্তি নেই। প্রতি কেজি রুই ২৮০ থেকে ৩৮০ টাকা, পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকা, তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা এবং কাতলা ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের দাম আকার ও মানভেদে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। বড় ইলিশের দাম কোথাও কোথাও ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত।
মাংসের বাজারেও দাম অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা, সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকা, গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে ডিমের দাম কিছুটা কমেছে। ক্রেতাদের তথ্য অনুযায়ী, প্রতি ডজন ডিমের দাম ১৫০ টাকা থেকে কমে ১৩০ টাকায় নেমেছে। বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ বাড়ায় ডিমের দাম কমেছে।
এমজে